বোরহানউদ্দিন থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২১ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ২৮৫৫ টাকা এবং মাদক পরিমাপের ডিজিটাল মেশিনসহ তিনজন পুরুষ ও একজন মহিলাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর সরাসরি নির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা এলাকায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালিত হয়।
গতকাল সোমবার দিবাগত রাত ১:৩০ ঘটিকায় বোরহানউদ্দিন থানার এসআই মোঃ মামুন হাওলাদার ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সাচরা ইউনিয়নের রামকেশব ০৫নং ওয়ার্ডে অভিযান চালায়। অভিযানকালে মোঃ লোকমান নিয়ন (৫০), মোঃ স্বপন নিয়ন (৩০), মোঃ মাহবুব নিয়ন (৩৪) এবং মোসাঃ ইয়াছমিন বেগম (৩০)-কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
আসামিদের কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ২৮৫৫ টাকা এবং একটি ডিজিটাল মেশিন উদ্ধার করা হয়েছে।
দৈনিক ভোলা টাইমস্ প্রতিনিধির সাথে কথা বলেন স্থানীয় বাসিন্দা। তিনি বলেন, “এই এলাকায় অনেকদিন ধরে মাদকের কারবার চলছিল। যুবসমাজ নষ্ট হয়ে যাচ্ছিল। পুলিশ এখন অভিযান চালিয়ে যা করছে, তাতে আমরা খুবই খুশি। আশা করি এই অভিযান আরও জোরদার করা হবে।”
আরেক এলাকাবাসী বলেন, “মহিলা আসামি গ্রেফতার হওয়ায় আমরা আরও বেশি স্বস্তি পেয়েছি। ছেলেমেয়েদের নিয়ে আমরা এখন অনেকটা নিরাপদ বোধ করছি।”
গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ।