দৈনিক ভোলা টাইমস্
|
অপরাধ কৃষি দৌলতখান রাজনীতি শিক্ষা

ভোলায় আলজেরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে ব্যবসায়ীদের মতবিনিময় সভা

ভোলায় আলজেরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে ব্যবসায়ীদের মতবিনিময় সভা
  আদিল হোসেন তপু:
ভোলায় স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানি। সভায় বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ সম্ভাবনা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ভোলা সার্কিট হাউজের হলরুমে ভোলা চেম্বার অব কমার্সের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চেম্বার অব কমার্সের সহসভাপতি হুমায়ুন কবির সোপানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও ভোলা চেম্বার অব কমার্সের সভাপতি গোলাম নবী আলমগীর।
এ সময় আরও বক্তব্য রাখেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুল্লাহ আল মামুন, চেম্বার অব কমার্সের পরিচালক আমিনুল ইসলাম খান, মো. রাইসুল আলম, তরিকুল ইসলাম কায়েদ ও মো. সোহেল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। দুদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। এ ধরনের মতবিনিময় সভা ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মত দেন তারা।
এসময় সভায় ভোলার ব্যবসায়ী নেতারা, উদ্যোক্তা এবং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে বক্তব্যে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতার সময় থেকেই বাংলাদেশের সঙ্গে আলজেরিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কৃষি, সার ও জ্বালানি খাতে বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় দেশ। তাই ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী আলজেরিয়া।
তিনি বলেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় হবে। অতীতের মতো ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকবে আলজেরিয়া। বাংলাদেশি নাগরিকদের জন্য আলজেরিয়ার দূতাবাস থেকে দ্রুত সময়ের মধ্যে ভিসা দেওয়া হবে।
ভোলা পরিদর্শন শেষে রাষ্ট্রদূত বলেন, ভোলা একটি সুন্দর ও সম্ভাবনাময় জেলা। এখানে কৃষি, সার কারখানা ও জ্বালানি খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সার কারখানা স্থাপনে আলজেরিয়া বিনিয়োগ করতে আগ্রহী।