দৈনিক ভোলা টাইমস্
|
সর্বশেষ দৌলতখান কৃষি

প্রধানমন্ত্রী'র নিকট ব্যবসা ও জীবনের নিরাপত্তা চান চরফ্যাশনেরে নারী উদ্যোক্তা পিংকি

প্রধানমন্ত্রী'র নিকট ব্যবসা ও জীবনের নিরাপত্তা চান চরফ্যাশনেরে নারী উদ্যোক্তা পিংকি
  চরফ্যাশন প্রতিনিধি: প্রধানমন্ত্রী'র কাছে নিজের জীবন ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা চেয়েছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত নারী উদ্যোক্তা, প্রয়োজন গ্রুপ এর চেয়ারম্যান পিংকি । এ বিষয়ে শুক্রবার (২২ মে) সকালে ভোলার চরফ্যাশনে প্রয়োজন গ্রুপের নিজ অফিসে তিনি সংবাদ সম্মেলন করেন । সংবাদ সম্মেলনে নারী উদ্যোক্তা পিংকি বলেন, আমি প্রথম দিকে একটি খামার দিয়ে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান শুরু করি, এর পর প্রয়োজন সমবায় সমিতি, ঘরোয়া খাবার হোটেল, হাউজিং,বিউটি পার্লার, বস্ত্রের শোরুম নিয়ে দীর্ঘ বছর ধরে ব্যবসা করে আসছি। ২৪'র জুলাই গণঅভ্যুত্থানের পর একটি চক্র আমার কাছে চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, তারা আমাকে এলাকা ছাড়া করার হুমকি দেয়। এর পর একে একে চার দফা আমার উপর বিভিন্ন ভাবে হামলা করে। এর মধ্যে ২০২৫ সালের নভেম্বরে এই চক্রটি দক্ষিণ আইচায় আমার সমবায় অফিসে এসে গ্রাহকদের মাঝে গুজব ছড়িয়ে অফিসের পাশে থাকা আমার বস্ত্রের শো রুমে লুটপাট চালায়। তখন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে আমি তাদের মব থেকে রক্ষা পেলেও এখনও রাস্তা, বাজার কিংবা অফিসে আমাকে অপরিচিত লোক দিয়ে ভয় দেখায়,ল এবং নানান ধরনের কটুক্তি করে। এ সময় নারী উদ্যোক্তা পিংকি নিজের নিরাপত্তার স্বার্থে এসব ঘটনায় জড়িতদের নাম গণমাধ্যমে প্রকাশ করতে চান নি। তবে ঘটনায় জড়িতদের ফোন কলের রেকর্ড তার কাছে আছে, যা তিনি তদন্তের প্রয়োজনে হস্তান্তর করবেন বলে উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে নারী উদ্যোক্তা পিংকি আরো বলেন, ২০১৬ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত আমার ১০ টি প্রতিষ্ঠানে ৭৯ জন নারী পুরুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করেছি, আমার কাজের স্বীকৃতি দিয়ে প্রাণিসম্পদ মন্ত্রণালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান এখন পর্যন্ত আমাকে ৩০ টি পুরস্কার দিয়েছে । আমি আমার উপজেলার মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে সহায়ক ভূমিকা রাখার লক্ষ্যে ভোলা-৪ আসনের এমপি নুরুল ইসলাম নয়ন মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানে কাছে আমার ব্যবসা প্রতিষ্ঠান গুলোসহ আমার পরিবারের সদস্য ও আমার জীবনের নিরাপত্তা চাই। আমি এই চক্রের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করলে আমার মতো নারী উদ্যোক্তারা প্রতিষ্ঠান তৈরি করতে নিরুৎসাহিত হবে, যা আমাদের দেশ ও জাতির জন্য চরম ক্ষতিকর । এ অবস্থা উত্তরণে সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রী'র সদয় দৃষ্টি কামনা করেন। এ সময় তার পরিবারের সদস্য ও প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।