শিবপুরে গৃহবধূ নাসিমা বেগম হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেফতার ও হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার
ইমরান খান, ষ্টাফ রিপোর্টার, দৈনিক ভোলা টাইমস্:
ভোলা সদর উপজেলার শিবপুরে গত ১৭ এপ্রিল মধ্যরাতে সংঘটিত নৃশংস গৃহবধূ হত্যাকাণ্ডের রহস্য মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উদঘাটন করেছে ভোলা জেলা পুলিশ। আহত শিশুর দেয়া তথ্য অনুযায়ি পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর সরাসরি নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর নেতৃত্বে সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার টিম তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে শনিবার রাত ৮:৩০ ঘটিকায় শিবপুর এলাকা থেকে মামলার প্রধান আসামি **মোঃ জিহাদ** (২৫)-কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ জিহাদ নিজের সরাসরি সম্পৃক্ততার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। তার দেওয়া তথ্য ও স্বীকারোক্তি অনুসারে হত্যাকাণ্ডে ব্যবহৃত **ছুরি**, আসামির ব্যবহৃত কাপড় এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। নিহত নাসিমা বেগম (৪০) দুবাই প্রবাসী আল-আমীন মিয়ার স্ত্রী। ঘটনায় তার ৮ বছরের শিশু ছেলে আবির গুরুতর আহত হয়। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।