লালমোহনে মাদক ও সামাজিক অপরাধমুক্ত সমাজ গড়তে সুধী সমাবেশ ও সচেতনতামূলক র্যালি
স্টাফ রিপোর্টার:
লালমোহনে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জুয়া, সাইবার ক্রাইমসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী সমাবেশ ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ এপ্রিল ২০২৬) লালমোহন থানা প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। পুলিশ সুপার বলেন, ভোলার চরাঞ্চলের অধিকাংশ অপরাধ জমি সংক্রান্ত বিরোধ থেকে উদ্ভূত হয়। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইমের মতো সামাজিক ব্যাধি সমাজকে গ্রাস করছে। অপরাধ দমনে পুলিশের একার চেষ্টা যথেষ্ট নয়, জনগণ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। সমাবেশে অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জনাব সত্যজিৎ কুমার ঘোষ, লালমোহন থানার অফিসার ইনচার্জ, থানার অন্যান্য অফিসার-ফোর্স এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সুধী সমাবেশ শেষে মাদক ও সামাজিক অপরাধবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছারের নেতৃত্বে র্যালিটি থানা এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।