লালমোহনে নিখোঁজের তিন দিন পর পুকুরে মিলল বৃদ্ধার মরদেহ
লালমোহন প্রতিনিধি:
ভোলার লালমোহনে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে ফাতেমা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার চরভূতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একটি পরিত্যক্ত পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।মৃত ফাতেমা বেগম লালমোহন পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মৃত মফিজুর রহমানের স্ত্রী। স্থানীয়রা জানান, গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন ফাতেমা বেগম। এরমধ্যে পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায় নি। বুধবার সকালে উপজেলার চরভূতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একটি পরিত্যক্ত পুকুরের বৃদ্ধার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা থানায় গিয়ে মরদেহটি নিখোঁজ ফাতেমা বেগমের বলে শনাক্ত করেন। লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, কোনো অভিযোগ না পাওয়ায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।