লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের স্বজনদের জন্য বিশ্রাম কেন্দ্র চালু
ষ্টাফ রিপোর্টার:
ভোলার লালমোহন উপজেলায় এসএসসি পরীক্ষার্থীদের পাশে দাঁড়াতে এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা ছাত্রদল। শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কথা বিবেচনায় নিয়ে তারা স্থাপন করেছে একটি অস্থায়ী বিশ্রাম কেন্দ্র, যা ইতোমধ্যেই স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। “লালমোহন উপজেলা ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের জন্য বিশ্রামের স্থান”—এই ব্যানারে পরিচালিত এই ব্যতিক্রমী সেবামূলক কার্যক্রমে পরীক্ষাকেন্দ্রে আগত শিক্ষার্থী ও অভিভাবকরা স্বস্তিতে বসে বিশ্রাম নেওয়ার সুযোগ পাচ্ছেন। প্রচণ্ড গরম ও প্রতিকূল পরিবেশে এমন উদ্যোগ পরীক্ষার্থীদের পরিবারকে যেমন স্বস্তি দিচ্ছে, তেমনি সমাজে ইতিবাচক বার্তাও ছড়িয়ে দিচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে ছাত্রদলকে একটি সম্পূর্ণ শিক্ষার্থী-বান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য। শিক্ষার্থীদের সমস্যা, প্রয়োজন এবং কল্যাণে কাজ করাই হবে তাদের অঙ্গীকার। স্থানীয় অভিভাবক ও সাধারণ মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়বে বলে তারা আশাবাদী। উল্লেখ্য, এ কর্মসূচিতে উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন ছাত্রদল নেতা জুনায়েদুল ইসলাম নয়নসহ অন্যান্য নেতৃবৃন্দ।