দৈনিক ভোলা টাইমস্
|
অপরাধ সর্বশেষ দৌলতখান কৃষি

মিয়ানমারে ২৪০০ বস্তা সিমেন্ট পাচারের সময় ভোলার পাচারকারিসহ ৩৩ জন আটক

মিয়ানমারে ২৪০০ বস্তা সিমেন্ট পাচারের সময় ভোলার পাচারকারিসহ ৩৩ জন আটক
 
দৈনিক ভোলা টাইমস্ বার্তা:

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী 'আরাকান আর্মি'র কাছে সিমেন্ট পাচারের সময় ৩টি বোটসহ ৩৩ জন চোরাকারবারিকে আটক করেছে নৌবাহিনী ও কোস্ট গার্ড। আটককৃতদের মধ্যে ভোলা জেলাসহ দেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চলের বাসিন্দা রয়েছেন।
গত রোববার বিকেলে সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় শাহপরী আউটপোস্ট ও সেন্টমার্টিন স্টেশন যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিরা অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট মিয়ানমারে পাচার করছিলেন। জব্দকৃত এই সিমেন্টের বাজার মূল্য ১৬ লাখ টাকারও বেশি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক পাচারকারিরা জানিয়েছেন, তারা চট্টগ্রামের হাতিয়া ও সন্দ্বীপের বিভিন্ন এলাকা থেকে এই সিমেন্ট সংগ্রহ করে ট্রলারে তুলেছিলেন। আটককৃত ৩৩ জন আসামি ভোলা, চট্টগ্রাম, কক্সবাজার, লক্ষ্মীপুর, কুমিল্লা ও সিলেট জেলার বাসিন্দা।
কোস্ট গার্ডের শাহপরী স্টেশন কমান্ডার লে. মুত্তাকিন সিদ্দিক বলেন, "সীমান্তে যেকোনো ধরনের পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের এই যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
আটককৃতদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় চোরাচালান আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত ট্রলার ও সিমেন্টসহ আসামিদের পরবর্তী আইনি ব্যবস্থার জন্য টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।