মন্ত্রিসভার আকার বাড়ছে, ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হচ্ছেন
স্টাফ রিপোর্টার
বিএনপি নেতৃত্বাধীন সরকার মন্ত্রিসভার আকার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে নতুন করে কয়েকজন মন্ত্রী নিয়োগের প্রক্রিয়া চলছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক সূত্র জানায়, নতুন করে পাঁচ থেকে ছয়জনের নাম নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে তিন থেকে চারজন মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন। টেকনোক্র্যাট কোটায় একজনকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও রয়েছে। এছাড়া, দুজন নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হতে পারে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ভোলা-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন। এ খবরে ভোলাবাসীর মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।
সূত্র জানায়, মন্ত্রিসভায় নতুন করে ৩ থেকে ৪ জন মন্ত্রী যুক্ত হতে পারেন। আন্দালিভ রহমান পার্থ ছাড়াও আরও কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। আগামী বাজেট অধিবেশনের আগেই মন্ত্রিসভার এই সম্প্রসারণ ও রদবদলের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দৈনিক ভোলা টাইমস্ পরিবারের পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
তবে বর্তমানে দেশের বাইরে থাকায় এ বিষয়ে আন্দালিভ রহমান পার্থের কোনো বক্তব্য পাওয়া যায়নি।