দৈনিক ভোলা টাইমস্
|
সর্বশেষ দৌলতখান কৃষি

মনপুরায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হামলার শিকার, পুলিশের হাতে আটক ১

মনপুরায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হামলার শিকার, পুলিশের হাতে আটক ১
  ষ্টাফ রিপোর্টার:

ভোলার মনপুরা উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তালতলা বাজারের উত্তর পাশে বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, মনপুরা উপজেলার চরজ্ঞান এলাকার বাসিন্দা ও স্থানীয় পত্রিকা বরিশাল বার্তা-এর উপজেলা প্রতিনিধি মো. মাকসুদ (৩২) একটি উচ্ছেদ সংক্রান্ত খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে যান। এ সময় সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তি তার পথরোধ করে ব্যবহৃত মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। মানিব্যাগে থাকা প্রায় ১০ হাজার টাকা নিয়ে নেওয়ার অভিযোগ করেন তিনি। এছাড়াও অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অভিযুক্তরা তার মোবাইল ও মানিব্যাগ ফেরত দেয়। ঘটনার পর ভুক্তভোগী আত্মীয়-স্বজনদের সঙ্গে পরামর্শ করে মনপুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মনপুরা থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে কবির হাওলাদারকে আটক করে। এ ঘটনায় রহিম, মিনহাজ, মেহেদী, করিব হাওলাদার, আল আমিন, গিয়াস উদ্দিন ও বাচ্চুসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, “সাংবাদিক হেনস্তার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বাকি অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।” এ ঘটনায় স্থানীয় সচেতন মহল সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।