মনপুরায় ইঞ্জিন বিকল বোট, ১২ যাত্রীকে উদ্ধার করল কোস্ট গার্ড
তুহিন খন্দকার:
ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীতে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি যাত্রীবাহী বোট থেকে ১২ জনকে নিরাপদে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার (৩ মে ২০২৬) বিকেলে মনপুরা থানাধীন মেঘনা নদীতে প্রবল বাতাসের কারণে একটি ইঞ্জিনচালিত কাঠের বোটের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ভাসতে থাকে। এ সময় বোটে থাকা এক যাত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সহায়তা চান।
খবর পেয়ে কোস্ট গার্ড আউটপোস্ট মনপুরা থেকে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। পরে ইঞ্জিন বিকল বোটসহ ১২ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর যাত্রী ও বোটটিকে মনপুরার হাজিরহাট সংলগ্ন ঘাটে পৌঁছে দেওয়া হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।