ভোলা সহ আরও ১৮ জেলায় শুরু হলো ফুয়েল পাস নিবন্ধন কার্যক্রম
ষ্টাফ রিপোর্টার:
দেশজুড়ে ফুয়েল পাস চালুর উদ্যোগের অংশ হিসেবে আরও ১৯টি জেলায় নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন যুক্ত হওয়া জেলাগুলো হলো- গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম। আজ থেকেই এসব জেলায় নিবন্ধন কার্যক্রম চালু হয়েছে। র্যায়ক্রমে দেশের সব জেলায় ফুয়েল পাস নিবন্ধন কার্যক্রম চালু করা হবে বলেও জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। এর আগে ১৮ এপ্রিল জানানো হয়, ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলট কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে মোটরসাইকেল নিবন্ধনের জন্য ঢাকা, ঢাকা মেট্রো, চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মেট্রো, বরিশাল, বরিশাল মেট্রো, খুলনা, খুলনা মেট্রো, রাজশাহী, রাজশাহী মেট্রো ও ময়মনসিংহ অঞ্চলের নিবন্ধিত মোটরসাইকেলগুলোকে এই সিস্টেমের আওতায় আনা হয়েছে। গত ৯ এপ্রিল জ্বালানি বিভাগ জানিয়েছিল, দেশব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও আধুনিক করতে এবং ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা আনতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কিউআর কোড ভিত্তিক ‘ফুয়েল পাস’ নামে একটি অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করেছে। অ্যাপটি প্রাথমিকভাবে মোটরসাইকেল মালিক বা চালকদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে পাইলটিং করা হচ্ছে। সফল পাইলটিংয়ের পর পর্যায়ক্রমে ‘ফুয়েল পাস’ অ্যাপটি সারাদেশের সব যানবাহনের জন্য উন্মুক্ত করা হবে।