ভোলা বোরহানউদ্দিনের ছেলে রাসেল মাহমুদ জাতীয় যুবশক্তির গুরুত্বপূর্ণ দায়িত্বে
ষ্টাফ রিপোর্টার:
জুলাই গণঅভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেওয়া তরুণদের মধ্যে অন্যতম নাম রাসেল মাহমুদ। রাজপথের সেই সাহসী ছাত্রনেতা বর্তমানে ‘জাতীয় যুব শক্তি’র সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া রাসেল মাহমুদ আজ জেলার তরুণ সমাজের কাছে অনুপ্রেরণার প্রতীক। ছাত্রজীবন থেকেই অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার এই তরুণ নেতা জুলাইয়ের আন্দোলনে অগ্রসৈনিকের ভূমিকা পালন করেন। কোটা সংস্কারসহ বিভিন্ন দাবিকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভোলাসহ সারা দেশের শিক্ষার্থীদের সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রাসেল মাহমুদ। সাবেক সহ-সমন্বয়ক হিসেবে তিনি ঝুঁকি উপেক্ষা করে রাজপথে সক্রিয় ছিলেন এবং সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে উদ্বুদ্ধ করেন। আন্দোলন-পরবর্তী সময়েও তার কার্যক্রম থেমে নেই। জুলাই-আগস্টের ঘটনাপ্রবাহে আহত ও শহীদ পরিবারের পাশে দাঁড়িয়ে পুনর্বাসন, চিকিৎসা সহায়তা এবং খোঁজখবর নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। তার এই মানবিক উদ্যোগ স্থানীয় পর্যায়ে প্রশংসিত হয়েছে। এ প্রসঙ্গে রাসেল মাহমুদ বলেন, যাদের রক্তের বিনিময়ে আজকের বাংলাদেশ, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আজীবন। বর্তমানে ‘জাতীয় যুব শক্তি’র সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দেশের তরুণ সমাজকে সংগঠিত করা, বেকারত্ব দূরীকরণ এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছেন তিনি। সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে বিস্তৃত করতে তার ভূমিকা উল্লেখযোগ্য বলে জানা গেছে। ভোলার বোরহানউদ্দিন থেকে উঠে আসা এই তরুণ নেতা তার সাহস, সততা ও নেতৃত্বগুণ দিয়ে ইতোমধ্যে পরিচিত মুখ হয়ে উঠেছেন। স্থানীয়দের মতে, তার মতো উদ্যমী ও নিবেদিতপ্রাণ তরুণদের হাত ধরেই ভবিষ্যতের বাংলাদেশ এগিয়ে যাবে।