ভোলা বরিশাল সেতু বাস্তবায়নে নতুন আশ্বাস
ভোলা প্রতিনিধি, দৈনিক ভোলা টাইমস্
ভোলাবরিশাল সেতু বাস্তবায়ন নিয়ে দেওয়া পূর্বঘোষিত আশ্বাস থেকে সরে যাওয়ায় অন্তর্বর্তী সরকারের সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবির খানের প্রতি ভোলাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় ‘মীরগঞ্জ সেতু’র ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন—ভোলা সেতু আগামী সরকার বাস্তবায়ন করবে। একই সঙ্গে তিনি জানান, ভোলার গ্যাস স্থানীয়রা যাতে ব্যবহার করতে পারে সে ব্যবস্থাও নেওয়া হবে।
অনুষ্ঠানে নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।
তবে স্থানীয়দের দাবি, ফওজুল কবির এর আগে ২০২৬ সালের জানুয়ারিতেই ভোলা–বরিশাল সেতুর কাজ উদ্বোধন করা হবে বলে স্পষ্ট আশ্বাস দিয়েছিলেন। নতুন বক্তব্যে সে প্রতিশ্রুতি থেকে সরে আসায় সাধারণ মানুষের মধ্যে হতাশা ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে ভোলার বাসিন্দাদের প্রশ্ন—
“বারবার তারিখ দিয়ে শেষমেশ আবার কেন আগামী সরকারের ওপর দায়িত্ব চাপানো হচ্ছে?”
মীরগঞ্জ সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ফওজুল কবির বলেন,
“আগামী নির্বাচনে যেই বিজয়ী হোক না কেন, আমরা তাদের পাশে থাকব। নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়—এটাই আমাদের প্রত্যাশা। এখন নির্বাচন কমিশনই সমস্ত নির্বাচন পরিচালনা করবে।”
তিনি আরও উল্লেখ করেন,
“বিভিন্ন কোন্দল ও বাধার কারণে সেতু নির্মাণে দেরি হয় এবং ব্যয়ও বেড়ে যায়। তাই উন্নয়ন কার্যক্রমে সবার সহযোগিতা প্রয়োজন।”
ভোলা–বরিশাল সেতু দক্ষিণাঞ্চলের কোটি মানুষের স্বপ্নের প্রকল্প হওয়ায় প্রতিশ্রুতি ঘিরে তৈরি হওয়া এই নতুন অসঙ্গতি এখন এলাকাবাসীর আলোচনার কেন্দ্রবিন্দুতে।