ভোলা প্রতিনিধি:
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভোলা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার রাতে সদর উপজেলার খেয়াঘাট ব্রিজসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আব্দুল মতিন (৩২) নামে ওই ব্যক্তি ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া জেলার বাঁশপুকুর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন। তার বাবার নাম বসার আলী। রোববার (১২ এপ্রিল) সকালে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট আবুল কাশেম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্য পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল খেয়াঘাট ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মতিনকে আটক করে। আইনি ব্যবস্থা নিতে তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ডের জিজ্ঞাসাবাদে আব্দুল মতিন জানিয়েছেন, গত ৭ এপ্রিল মাদক পাচারকারী চক্রের এক সদস্যের সহযোগিতায় দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে তিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। আত্মগোপনের জন্য তিনি ভোলায় যান।