দৈনিক ভোলা টাইমস্
|
সর্বশেষ দৌলতখান কৃষি মৎস্য

ভোলা ডিবি পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

ভোলা ডিবি পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
 
ভোলা প্রতিনিধি:
ভোলার দৌলতখান উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে ৫ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
শনিবার (১৬ মে) রাত ৯টা ৪৫ মিনিটে দৌলতখান থানাধীন ভবানীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লঞ্চঘাট সংলগ্ন পাঁকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত আসামির নাম মোসাঃ ইতি (৪২)। তিনি ভোলার লালমোহন উপজেলার উত্তর ফুলবাগিচা (দেওয়ান কান্দি ৬নং ওয়ার্ড) এলাকার মৃত চাঁদ আলীর মেয়ে এবং আমির হোসেনের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোলা জেলা পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ আবু ইউসুফ ও তাঁর সঙ্গী ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর লঞ্চঘাট এলাকায় এই বিশেষ মাদক উদ্ধার অভিযান চালান। এ সময় ৫ কেজি গাঁজাসহ ইতিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।