দৈনিক ভোলা টাইমস্
|
অপরাধ দৌলতখান কৃষি

ভোলা জেলা পরিষদের নতুন প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, জেলাজুড়ে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা

ভোলা জেলা পরিষদের নতুন প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, জেলাজুড়ে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা
ভোলা টাইমস্ ডেস্ক ভোলা জেলা বিএনপির সফল আহ্বায়ক, জননেতা জনাব আলহাজ্ব গোলাম নবী আলমগীর ভোলা জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন। তাঁর এই সম্মানজনক ও গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্তিতে ভোলার সর্বস্তরের মানুষ এবং দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে তাঁকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। রবিবার (১৫ মার্চ ২০২৬) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ভোলা জেলার পূর্ণকালীন প্রশাসক হিসেবে জনাব গোলাম নবী আলমগীরকে মনোনীত করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ৩ দ্বারা জেলা পরিষদ আইন, ২০০০-এ সন্নিবেশিত ধারা ৮২ক(১) ও ৮২ক(৩) মোতাবেক তিনি পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ভোলা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং জেলা পরিষদ চেয়ারম্যানের সকল ক্ষমতা প্রয়োগ করবেন।জনাব আলহাজ্ব গোলাম নবী আলমগীর ভোলা জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন ধরে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে ভোলা জেলার রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। জেলা পরিষদের প্রশাসক হিসেবে তিনি ভোলার সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছেন স্থানীয় জনসাধারণ ও শুভাকাঙ্ক্ষীরা।