রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোলার ৫ মাস বয়সী শিশু মো. তাকরিমের মৃত্যু হয়েছে। শিশুটির মরদেহ নিয়ে বাবা-মা বুধবার দুপুরে ভোলার উদ্দেশে রওনা দিয়েছেন।
শিশুটির মা আমেনা বেগম ও বাবা মো. মহসীন ভোলার বাসিন্দা। গত এক মাস ধরে শিশুটি জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিল। প্রথমে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছিল।
চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি হাম ও নিউমোনিয়াসহ জটিল জটিলতায় আক্রান্ত ছিল। সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
শিশুটির মৃত্যুর পর হাসপাতালে বেদনাদায়ক দৃশ্যের অবতারণা হয়। মা আমেনা বেগম বারবার অচেতন হয়ে পড়ছিলেন এবং কান্নায় ভেঙে পড়ে বলছিলেন, “আমি তো আমার বাবারে এভাবে নিয়ে যেতে চাই নাই... আমার বাচ্চা আর ফিরবে না।”
পরিবার জানায়, চিকিৎসার জন্য তারা একাধিক হাসপাতাল ঘুরেছে। ভোলায় প্রাথমিক চিকিৎসার সময় রোগ শনাক্তে বিভ্রান্তি ছিল বলেও অভিযোগ করেছেন বাবা মহসীন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমের পক্ষ থেকে শিশুটির চিকিৎসায় আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। তবে শেষ রক্ষা হয়নি।
দুপুর আড়াইটার দিকে শিশুর মরদেহ কাফনে মুড়িয়ে অ্যাম্বুলেন্সে করে ভোলার উদ্দেশে নিয়ে যান বাবা-মা। পুরো যাত্রায় ছিল শুধুই নীরব কান্না আর অপূরণীয় শূন্যতা।