ভোলায় ১৯৭০ সালে সংঘটিত ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে একটি সচেতনতামূলক প্রামাণ্যচিত্র। এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা।
প্রামাণ্যচিত্রটি পরিচালনা করছেন গাজী মাহবুব। শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পরিচালক জানান, ভোলার ঐতিহাসিক দুর্যোগের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই প্রামাণ্যচিত্র নির্মাণ করা হয়েছে। দর্শকপ্রিয়তার কথা বিবেচনা করে পূর্ণিমাকে এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রামাণ্যচিত্রে পূর্ণিমার পাশাপাশি অভিনয় করেছেন জয় চৌধুরী, তানহা তাসনিয়া, শিরিন শিলা, মৌ খান, কাজী হায়াৎ ও শিবা শানু।
পরিচালক গাজী মাহবুব বলেন, “১৯৭০-এর ভোলার দুর্যোগ ছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় ট্র্যাজেডি। নতুন প্রজন্ম যাতে এই ঘটনা ভুলে না যায় এবং দুর্যোগ মোকাবিলায় সচেতন হয়, সেজন্যই এই প্রামাণ্যচিত্র নির্মাণ করা হয়েছে।”