জাতীয় যুব শক্তি (এনসিপি)-এর প্রথম জাতীয় কাউন্সিলে ভোলা জেলার সাবেক কেন্দ্রীয় সংগঠক শাহাদাত খন্দকার মঞ্জু কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) হিসেবে নির্বাচিত হয়েছেন। দলটির সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার অংশ হিসেবে এ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত জাতীয় যুব শক্তি এনসিপির প্রথম জাতীয় কাউন্সিলে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে সভাপতি হিসেবে এডভোকেট তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হিসেবে ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রিফাত রশিদ নির্বাচিত হন। একই সঙ্গে বরিশাল বিভাগের জন্য কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে শাহাদাত খন্দকার মঞ্জুকে দায়িত্ব দেওয়া হয়। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের অনুমোদনে নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। শাহাদাত খন্দকার মঞ্জু দীর্ঘদিন ধরে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে সাম্প্রতিক আন্দোলনগুলোতে তার অংশগ্রহণ এবং মাঠপর্যায়ের সাংগঠনিক দক্ষতা তাকে রাজনৈতিক অঙ্গনে পরিচিত করে তুলেছে। তিনি জাতীয় নাগরিক কমিটির সময় তেজগাঁও থানার প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে জাতীয় যুব শক্তি এনসিপির কেন্দ্রীয় সংগঠক হিসেবেও কাজ করেছেন। দলীয় সূত্রে জানা যায়, তৃণমূল পর্যায়ে সংগঠন গড়ে তোলা, কর্মী ব্যবস্থাপনা এবং মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনায় তার অভিজ্ঞতা উল্লেখযোগ্য। এ কারণে তাকে বরিশাল বিভাগের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্বে শাহাদাত খন্দকার মঞ্জুর প্রধান কাজ হবে বরিশাল বিভাগের সাংগঠনিক কার্যক্রম তদারকি করা, জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন ও পুনর্গঠন এবং দলীয় কার্যক্রমকে তৃণমূল পর্যন্ত বিস্তৃত করা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরিশাল অঞ্চলে সংগঠনের ভিত্তি মজবুত করতে মাঠপর্যায়ে অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতাকে এই পদে নির্বাচন করা হয়েছে, যা দলটির জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন দল হিসেবে জাতীয় যুব শক্তি এনসিপি নিজেদের অবস্থান সুদৃঢ় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন পর্যায়ে পুনর্গঠন ও নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে দলটি সংগঠনকে আরও সক্রিয় ও কার্যকর করার উদ্যোগ নিয়েছে। এই প্রেক্ষাপটে শাহাদাত খন্দকার মঞ্জুর মতো নেতার দায়িত্বপ্রাপ্তি দলটির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভোলার মন্জু বরিশাল বিভাগ এর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত: জাতীয় যুবশক্তির প্রথম কাউন্সিল
ষ্টাফ রিপোর্টার: