দৈনিক ভোলা টাইমস্
|
সর্বশেষ দৌলতখান

ভোলার দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ জব্দ

ভোলার দৌলতখানে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ জব্দ

ভোলার দৌলতখানে বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা দৌলতখান থানাধীন চর মদনপুর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী মো. লোকমান মেম্বারের বাড়িতে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে একটি দেশীয় একনলা বন্দুক ও তিন রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে অভিযুক্ত লোকমান মেম্বার পালিয়ে যান বলে জানানো হয়েছে।

কোস্ট গার্ড সূত্র জানায়, এর আগেও গত ২৫ এপ্রিল ২০২৫ সালে অস্ত্রসহ লোকমান মেম্বারকে আটক করেছিল কোস্ট গার্ড। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।

জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, “দেশের উপকূলীয় অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”