দৈনিক ভোলা টাইমস্
|
দৌলতখান কৃষি

ভোলায় ২৬০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে স্কয়ার গ্রুপ

ভোলায় ২৬০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে স্কয়ার গ্রুপ
  ভোলা প্রতিনিধি: স্কয়ার গ্রুপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরী-এর জন্মশতবর্ষ উপলক্ষে দেশব্যাপী পরিচালিত ‘৫৬ হাজার স্কয়ার মাইল জুড়ে’ শীর্ষক ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা কর্মসূচির দ্বিতীয় দিন আজ ভোলায় সফলভাবে সম্পন্ন হয়েছে। বোরহানউদ্দিন উপজেলার মনিরাম বাজার সংলগ্ন হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই শিবিরে আজ প্রায় ২৬০০ মানুষকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। কার্যক্রম চলাকালীন শিবিরটি পরিদর্শন করেন হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম। পরিদর্শন শেষে তিনি বলেন, “তৃণমূলের অসহায় মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ পৌঁছে দেওয়ার এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। স্কয়ার গ্রুপের এই কার্যক্রম সাধারণ মানুষের অনেক উপকারে আসবে।” অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই শিবিরে সাধারণ রোগের চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা করা হচ্ছে। উল্লেখ্য, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই উদ্যোগে দেশের ১৩টি জেলায় এ পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষ চিকিৎসা গ্রহণ করেছেন। সেবা গ্রহণকারী স্থানীয় বাসিন্দা ইমন তার অনুভূতি প্রকাশ করে বলেন, “বিনামূল্যে ডাক্তার দেখানো এবং ভালো মানের ওষুধ পেয়ে আমি খুবই উপকৃত হয়েছি। সাধারণ মানুষের জন্য এমন উদ্যোগ মাঝেমধ্যেই নেওয়া প্রয়োজন।” ৫ মে, ভোলার বাংলাবাজারের হালিমা খাতুন মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরবর্তী শিবির অনুষ্ঠিত হবে। এছাড়া কর্মসূচির সমাপনী দিন অর্থাৎ ৬ মে, জেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ বাসের মাধ্যমে সরাসরি সাধারণ মানুষের ঘরের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হবে। প্রান্তিক জনগোষ্ঠীর উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যে স্বপ্ন নিয়ে স্যামসন এইচ চৌধুরী স্কয়ার গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন, সেই অঙ্গীকার বাস্তবায়নেই এই বিশেষ কর্মসূচিটি পরিচালিত হচ্ছে।