ভোলায় ২৪ ঘণ্টায় ১৫১ মিমি বৃষ্টি, স্থবির জনজীবন
ষ্টাফ রিপোর্টার:
বৈরী আবহাওয়ায় উত্তাল হয়ে উঠেছে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী। গত ২৪ ঘণ্টায় রেকর্ড করা হয়েছে ১৫১ মিলিমিটার বৃষ্টিপাত, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ। বুধবার (২৯ এপ্রিল) প্রবল বাতাস ও ভারী বৃষ্টির কারণে ছোট লঞ্চসহ নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে ভোলা-লক্ষ্মীপুরসহ আশপাশের নৌরুটের যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন নিচু সড়ক তলিয়ে গেছে। পানিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না মানুষ। তীরে ফিরছে ছোট বড় মাছ ধরার নৌকা ও ট্রলার। অতিরিক্ত বৃষ্টিতে নিম্নাঞ্চলের ফসলি জমি পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে ধানসহ বিভিন্ন মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কায় রয়েছেন কৃষকরা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এদিকে, যেকোনো দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত রয়েছে স্থানীয় প্রশাসন।