প্রত্যক্ষদর্শী ও রোগীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে হাসপাতালের নতুন ভবনের পঞ্চম তলার শিশু ওয়ার্ডের কাছে ধোঁয়া দেখা যায়। এ সময় কেউ একজন হাসপাতালের ফায়ার অ্যালার্ম বাজিয়ে দিলে সাততলা ভবনজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী, স্বজন, নার্সসহ সবাই দ্রুত ভবনের নিচে নেমে আসতে থাকেন।
হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, আতঙ্কিত রোগীরা দ্রুত নিচে নেমে খোলা আকাশের নিচে অবস্থান নেন। এ ঘটনায় সাময়িক সময়ের জন্য চিকিৎসাসেবা কার্যক্রমও বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা পুরো ভবনে তল্লাশি চালান। পরে জানা যায়, ভবনের বাইরের বৈদ্যুতিক লাইনে স্পার্ক হওয়াকে কেন্দ্র করে আগুন লাগার গুজব ছড়িয়ে পড়ে।
ভোলা ফায়ার সার্ভিসের টিম লিডার পরেশ চন্দ্র পাল জানান, তারা ঘটনাস্থলে এসে পুরো ভবন তল্লাশি চালিয়ে কোথাও আগুন লাগার কোনো চিহ্ন পাননি। ভবনটি রোগীদের সেবার জন্য সম্পূর্ণ নিরাপদ রয়েছে বলেও তিনি জানান।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান বলেন, কে বা কারা ফায়ার অ্যালার্ম বাজানোর কারণে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে মাইকিং করে রোগীদের নিজ নিজ বেডে ফিরে যাওয়ার জন্য বলা হয়। ইতোমধ্যে সবাই নিজ নিজ বেডে ফিরে গেছেন। চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান তিনি।