দৈনিক ভোলা টাইমস্
|
দৌলতখান কৃষি

ভোলায় স্বামীর স্ট্রোকের খবর শুনে স্ত্রীর মৃত্যু

ভোলায় স্বামীর স্ট্রোকের খবর শুনে স্ত্রীর মৃত্যু
  ষ্টাফ রিপোর্টার: ভোলার লালমোহনে স্বামীর স্ট্রোকের খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সালেকা বেগম (৬৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বর্তমানে তার স্বামী শাহজাহান বলি মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ​শনিবার (৪ এপ্রিল) মধ্যরাতে বরিশালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়। আজ রবিবার (৫ এপ্রিল) সকালে জানাজা শেষে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত সালেকা বেগম উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের দক্ষিন চতলা গ্রামের বড় ব্রিজ এলাকার বাসিন্দা। তিনি পাঁচ সন্তানের জননী ছিলেন। ​পারিবারিক সূত্রে জানা গেছে, গেল শুক্রবার দুপুরে নিজ বাড়িতে হঠাৎ ব্রেন স্ট্রোক করেন শাহাজান বলি। তাকে দ্রুত উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার করা হয়। স্বামীর এই অসুস্থতা ও স্ট্রোকের খবর শুনে বাড়িতেই হার্ট অ্যাটাক করেন স্ত্রী সালেকা বেগম। পরে তাকেও দ্রুত বরিশাল পাঠানো হয়। ​মৃতের ছেলে নুরে আলম জানান, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত মধ্যরাতে তার মা সালেকা বেগম মারা যান। অন্যদিকে তার বাবা শাহজাহান বলির অবস্থাও আশঙ্কাজনক। বর্তমানে তাকে অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়েছে। এদিকে এক দম্পতির এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একই সাথে অসুস্থ বাবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারটি।