ভোলায় শ্রমিক নেতাদের দায়িত্বশীল কর্মশালা, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ
মোঃ আব্দুর রহমান হেলাল | ভোলা
শ্রমজীবী মানুষের অধিকার সংরক্ষণ, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ভোলায় অনুষ্ঠিত হয়েছে ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল কর্মশালা। কর্মশালায় বক্তারা বলেন, ইসলামের সাম্য, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ বাস্তবায়নের মাধ্যমেই শ্রমিকদের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা সম্ভব।
শুক্রবার (০৮ মে) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভোলা জেলা কার্যালয়ে আয়োজিত এ কর্মশালায় জেলার বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতা ও দায়িত্বশীল ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইসমাইল হোসেন মনিব। কর্মশালার সার্বিক পরিচালনায় ছিলেন জেলা সেক্রেটারি বেলায়েত হোসেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরিশাল অঞ্চল পরিচালক মোঃ হারুনূর রশিদ। বিশেষ আলোচক ছিলেন বরিশাল অঞ্চলের সহ-পরিচালক মোঃ মশিউর রহমান।
বক্তারা বলেন, ইসলাম এমন একটি জীবনব্যবস্থা, যেখানে শ্রমিককে কেবল কর্মী হিসেবে নয়, বরং সম্মানিত মানুষ হিসেবে মূল্যায়ন করা হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার প্রাপ্য মজুরি পরিশোধের নির্দেশ দিয়েছেন, যা ইসলামে শ্রমের মর্যাদা কতটা গুরুত্বপূর্ণ তা প্রমাণ করে।
তারা আরও বলেন, বর্তমান সমাজে শ্রমিকরা নানা ধরনের অবহেলা, বৈষম্য ও অধিকারবঞ্চনার শিকার হচ্ছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে শ্রমিকদের সচেতন, ঐক্যবদ্ধ ও আদর্শভিত্তিক সংগঠিত হওয়ার বিকল্প নেই।
আলোচনায় ইসলামের ইতিহাস থেকে বিভিন্ন উদাহরণ তুলে ধরা হয়। বক্তারা বলেন, খলিফা হযরত ওমর (রা.)-এর শাসনামলে সাধারণ মানুষ ও শাসকের মধ্যে বৈষম্যের কোনো সুযোগ ছিল না। ইসলামী আদর্শে সবাই সমান মর্যাদার অধিকারী।
কর্মশালায় শ্রমিকদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, নৈতিক নেতৃত্ব গঠন এবং শ্রমিক সমাজকে কল্যাণমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।