দৈনিক ভোলা টাইমস্
|
দৌলতখান লালমোহন কৃষি শিক্ষা

ভোলায় “মাদ্রাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের করণীয়” শীর্ষক মতবিনিময়

ভোলায় “মাদ্রাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের করণীয়” শীর্ষক মতবিনিময়
    মোঃ আব্দুর রহমান হেলাল, ভোলা: মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে শিক্ষকদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করে ভোলায় অনুষ্ঠিত হয়েছে এক তাৎপর্যপূর্ণ মতবিনিময় সভা। রবিবার (২৬ এপ্রিল) ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন স্তরের মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মোবাশ্বিরুল হক হক নাঈম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোঃ নুরুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ আজাহারুল হক এবং ভোলা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রকিবুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মিঞা মোঃ নুরুল হক শিক্ষকদের উদ্দেশে বলেন, “শিক্ষকতা কেবল পেশা নয়—এটি মহান ইবাদত। একজন শিক্ষক যদি নিষ্ঠা, পরিকল্পনা ও ভালোবাসা দিয়ে শিক্ষার্থীদের গড়ে তোলেন, তবে জাতির ভবিষ্যৎ আলোকিত হবে।” তিনি শিক্ষকদের পাঠদানের আগে সুপরিকল্পিত প্রস্তুতি গ্রহণ, শিক্ষার্থীদের মানসিক ও একাডেমিক সমস্যার প্রতি যত্নবান হওয়া এবং অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার ওপর জোর দেন। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের অনুপস্থিতি ও অগ্রগতির বিষয়গুলো নিয়মিত পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী হোম ভিজিট করলে শিক্ষার মান আরও উন্নত হবে। প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো করে গড়ে তোলার মানসিকতা তৈরির আহ্বানও জানান তিনি। সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে বর্তমান সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। যেসব শিক্ষার্থী প্রাথমিক পর্যায়ে রেজিস্ট্রেশন থেকে বঞ্চিত হয়, তাদের জন্য নবম শ্রেণীতে রেজিস্ট্রেশনের সুযোগ সৃষ্টি করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এর আগে প্রধান অতিথি ভোলা রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসায় পঞ্চম ও অষ্টম শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পাশাপাশি জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সিসি ক্যামেরার আওতায় নকলমুক্ত পরীক্ষার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। সভায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন মাদ্রাসার বিশিষ্ট অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ। তাদের মধ্যে অধ্যক্ষ মাওলানা মোঃ নজরুল ইসলাম, মাওলানা মোঃ আইয়ুব আলী, মাওলানা মোঃ মিজানুর রহমান, অধ্যাপক মোঃ আমির হোসাইন, মাওলানা মোঃ সালাউদ্দিন, মাওলানা মোঃ আব্দুর রহমান, মাওলানা মাকসুদুর রহমান, মাওলানা জাকির হোসাইন, মাওলানা মোঃ মহিউদ্দিন, মাওলানা হাসান আহমেদ, মাওলানা মোঃ ইয়াছিনসহ আরও অনেকে উল্লেখযোগ্য। মতবিনিময় সভার প্রাণবন্ত আলোচনায় শিক্ষক-শিক্ষিকারা অনুপ্রাণিত হয়ে মাদ্রাসা শিক্ষাকে আরও উন্নত ও যুগোপযোগী করে গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।