ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ষ্টাফ রিপোর্টার:
ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে মো. মামুন দেওয়ান (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে এঘটনা ঘটে।
মামুন ওই গ্রামের মনির দেওয়ানের ছেলে। তিনি বাংলাদেশ জাতীয় পার্টি(বিজেপি) এর অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্রসমাজের রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে খাবার খেয়ে বাড়ির পাশের একটি দোকানের কাছে গিয়ে বসেন মামুন। এরপর স্থানীয়রা তার কোন সাড়াশব্দ না পেয়ে কাছে গেলে বিদ্যুৎ স্পৃষ্টের বিষয়টি টের পান। পরে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ধারণা করছে, বৈদ্যুতিক শর্টসার্কিটে দোকানটি আগেই বিদুৎতায়িত ছিলো। পরে মামুন দোকানের সঙ্গে হেলান দিয়ে বসলে বিদুৎস্পৃষ্ট হন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এছাড়াও পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।