দৈনিক ভোলা টাইমস্
|
অপরাধ দৌলতখান বোরহানউদ্দিন কৃষি

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক
  ভোলা প্রতিনিধি: জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ভোলা জেলাতেও অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘ভূমিসেবা মেলা ২০২৬। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি জুম ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশব্যাপী এই মেলার কেন্দ্রীয় উদ্বোধন ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর তারই অংশ হিসেবে ভোলা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রাজিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার বিজ্ঞ জেলা প্রশাসক ডা. শামীম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার), জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মনিরুল ইসলাম মনির, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, “ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে এখন সাধারণ মানুষ ঘরে বসেই ই-নামজারি ও ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারছেন। এই মেলা নাগরিকদের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয়। সেখানে আমন্ত্রিত অতিথিবৃন্দ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেলার প্রদর্শনী ও সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। আয়োজকরা জানান, এই মেলা থেকে জেলাবাসী কোনো ভোগান্তি ছাড়াই ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানসহ ভূমি সংক্রান্ত নানাবিধ আধুনিক ও ডিজিটাল সেবা এবং প্রয়োজনীয় পরামর্শ সরাসরি গ্রহণ করতে পারবেন। ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিক সেবা সহজ করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সর্বস্তরের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টলের মাধ্যমে সাধারণ মানুষকে হাতে-কলমে ডিজিটাল সেবা গ্রহণের পদ্ধতি শিখিয়ে দেওয়া হচ্ছে। আগামী কয়েকদিন এই মেলা ও সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।