দৈনিক ভোলা টাইমস্
|
অপরাধ দৌলতখান কৃষি শিক্ষা

ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন

ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন
  ইউসুফ হোসেন নীরব: নতুন বছরের নতুন সূর্যকে স্বাগত জানাতে দেশব্যাপী উৎসবমুখর পরিবেশের সাথে মিল রেখে দ্বীপজেলা ভোলায় যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। আজ সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ভোলা জেলা প্রশাসন ও জেলা পুলিশের সম্মিলিত অংশগ্রহণে বর্ণিল উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে ভোলা শহরজুড়ে। দিনের শুরুতেই ভোলা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা (মঙ্গল শোভাযাত্রা) বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী মুখোশ, বাহারি রঙে সাজানো মাছ, পাখি ও লোকজ সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ প্রদর্শন করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান এবং ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার। এছাড়াও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। শোভাযাত্রা শেষে অফিসার্স ক্লাব ভোলায় এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিশু-কিশোরদের বর্ণিল পরিবেশনা ও স্থানীয় শিল্পীদের ঐতিহ্যবাহী বৈশাখী গান উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। আলোচনা সভায় বক্তারা বাঙালি সংস্কৃতির অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। বর্ষবরণের এই উৎসবকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে শহরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সর্বস্তরের মানুষ নতুন বছরকে বরণ করে নেয়।