দৈনিক ভোলা টাইমস্
|
দৌলতখান

ভোলায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আহত শিশুর বর্ণনায় এক যুবক আটক

ভোলায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আহত শিশুর বর্ণনায় এক যুবক আটক
  ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলায় ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছে নিহতের এক শিশু সন্তান। আহত শিশুর কাছ থেকে ঘটনার বর্ণনার শুনে শনিবার দুপুরে উপজেলার শিবপুর এলাকা থেকে এক যুবককে আটক করে পুলিশ। শুক্রবার মধ্যরাতে শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শরীফ সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভোলা মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম। নিহত নাছিমা বেগম ওই এলাকার সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মো. আল-আমীন মিয়া স্ত্রী। আহত ১০ বছর বয়সী আবির হোসেন ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আটক জিহাদ (২৩) স্থানীয় সাবেক ইউপি সদস্য প্রয়াত মো. জামালউদ্দিনের ছেলে। আহত শিশু আবিরের বরাতে পুলিশ জানায়, রাতে অন্ধকার ঘরে ঘুমন্ত অবস্থায় মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে নাছিমা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। এ সময় নিহতের সন্তানকেও হত্যার চেষ্টা করা হলে, সে মারা যাওয়ার ভান করে পড়ে থাকে। পরে তাকে মৃত ভেবে হামলাকারী পালিয়ে যায়; তবে মোবাইলের আলোতে শিশুটি খুনিকে চিনতে পারে বলে ভাষ্য পুলিশের। ওসি মনিরুল ইসলাম বলেন, “রাতে ঘটনার পর সকালে সন্দেহভাজন ওই যুবক হাসপাতালে গিয়ে আহত আবিরকে অনুসরণ করতে থাকেন। এ সময় আবির তাকে দেখে চিনতে পেরে চিৎকার করে বলে ওঠে, ‘তুই আমার মাকে হত্যা করে আবার এখানে এসেছিস!’ এ কথা বলার সঙ্গে সঙ্গে ওই যুবক হাসপাতাল থেকে পালিয়ে যান।” পরে আহত আবিরের বর্ণনার ভিত্তিতে এদিন দুপুর ১২টার দিকে শিবপুর এলাকা থেকে জাহিদকে আটক করা হয় বলে জানান তিনি। ঘটনার খবর পেয়ে দুপুরে আহত শিশুটিকে দেখতে হাসপাতালে যান ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ কায়ছার আহমেদ। ওসি মনিরুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি-না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।