দৈনিক ভোলা টাইমস্
|
দৌলতখান কৃষি শিক্ষা

ভোলায় পৃথক ঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

ভোলায় পৃথক ঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  ভোলা প্রতিনিধি: ভোলায় পৃথক দুই ঘটনায় তাসফিয়া আক্তার (৬) ও আফনাফ হোসেন (৭) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ও পূর্ব ইলিশা ইউনিয়নে পৃথক এ দুটি ঘটনা ঘটে। নিহত তাসফিয়া আক্তার চরসামাইয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিয়াজ মিয়ার মেয়ে। অপরদিকে আফনাফ হোসেন পূর্ব ইলিশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাবিব মিয়ার ছেলে। শিশু দু'টির পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাড়ির আঙিনায় খেলাধুলার একপর্যায়ে পরিবারের সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে যায় তাসফিয়া। পরে তাকে খুঁজতে গিয়ে পরিবারের সদস্যরা পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আফনাফ হোসেন রাস্তা পারাপারের সময় একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুতে উভয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আদরের সন্তানকে হারিয়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।