ভোলায় পুলিশ পরিদর্শকের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
ভোলা প্রতিনিধি:
ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার বিচার এবং ভোলা মডেল থানার সাবেক পরিদর্শক (তদন্ত) আরমান হোসেনের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের মহাজনপট্টি, সদর রোড ও বাংলা স্কুল মোড় হয়ে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, ২০২২ সালের ৩১ জুলাই ভোলা জেলা বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে এলোপাথাড়ি গুলি করে নূরে আলম ও আব্দুর রহিমকে হত্যা করে তৎকালীন পরিদর্শক (তদন্ত) আরমান হোসেন। ঘটনার পর মামলা হলেও এখনও আরমান হোসেন গ্রেপ্তার হয়নি। তারা দ্রুত তার গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। মিছিলে জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও যুব দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।