দৈনিক ভোলা টাইমস্
|
সর্বশেষ দৌলতখান কৃষি মৎস্য

ভোলায় নিজের মেয়েকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগে পিতা গ্রেপ্তার

ভোলায় নিজের মেয়েকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগে পিতা গ্রেপ্তার
  ষ্টাফ রিপোর্টার: ভোলার দৌলতখান উপজেলার মদনপুরে নিজ কন্যাকে দীর্ঘ চার মাস ধরে ধর্ষণ এবং পরবর্তীতে জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগে অভিযুক্ত পিতা মো. ইউসুফকে (৫০) গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গতকাল রবিবার (৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে দুলারহাট থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ৯ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১৯ জানুয়ারি পর্যন্ত দীর্ঘ সময় ধরে অভিযুক্ত পিতা মো. ইউসুফ তার কিশোরী কন্যাকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এই পাশবিক নির্যাতনের ফলে কিশোরীটি সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে এবং অপরাধ গোপন করার উদ্দেশ্যে অভিযুক্ত ইউসুফ ভিকটিমকে জোরপূর্বক গর্ভপাত নিরোধক ওষুধ খাইয়ে গর্ভপাত ঘটান। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে দৌলতখান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধি অনুযায়ী একটি মামলা (মামলা নং-৪, তারিখ ০৪/০৪/২০২৬) দায়ের করেন। ঘটনার গুরুত্ব বিবেচনায় ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), দৌলতখান থানা, দুলারহাট থানা এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক টিম তদন্তে নামে। তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে দুলারহাট থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশ গর্ভপাতের ফলে মৃত শিশুটিকে উদ্ধার করে এবং ধর্ষণের আলামতগুলো জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ইউসুফ ঘটনার সাথে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করতে তারা কাজ করে যাচ্ছেন।