ভোলায় শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার ও গণপরিসরে নারী এবং কন্যা শিশুদের যৌন সহিংসতা ও নৃশংস আচরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৯মে) সকাল ১১টার দিকে ভোলা প্রেসক্লাবের সামনে মহিলা পরিষদের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মহিলা পরিষদের ভোলা জেলার সভানেত্রী হোসনেয়ারা চিনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপদেষ্টা মোবাশ্বির উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপিকা জিন্নাত রেহানা, আন্দোলন সম্পাদক ইসরাত জাহান বনি, পরিবেশ বিষয়ক সম্পাদক মোসরিন আক্তার, সহসাংগঠনিক সম্পাদক হাসিনা বেগম, নির্বাহী সদস্য কামরুন নাহার সোহেলী,খাদিজা আক্তার ও বিবি মরিয়ম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, প্রতিদিন সংবাদপত্র খুললেই দেখা যায়- কোনো না কোনো নারী, শিশু কিংবা কিশোরী নির্যাতনের শিকার হচ্ছে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র কিংবা রাস্তাঘাট-কোথাও নারীরা সম্পূর্ণ নিরাপদ নয়। এটি শুধু একজন নারীর সমস্যা নয়, এটি পুরো সমাজ ও রাষ্ট্রের জন্য লজ্জার বিষয়।
আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই- নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। একই সঙ্গে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে একযোগে সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে।
আসুন, আমরা সবাই প্রতিজ্ঞা করি- নারী ও কন্যাশিশুর প্রতি যেকোনো সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হবো, প্রতিবাদ করবো এবং মানবিক বাংলাদেশ গড়তে এক সঙ্গে কাজ করবো।