ভোলা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে ২০২৬) সকাল ৯টা ৫ মিনিটে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ইলিশা ফেরিঘাট থেকে চরফ্যাশনগামী বেরিবাঁধের ওপর সিদ্দিক ব্যাপারীর দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন, আসলামপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আবুল কাশেম (২৬) ও চরফ্যাশন পৌরসভার দক্ষিণ ফ্যাশন এলাকার বাসিন্দা মো. হাছনাইন ওরফে হাসানকে (২৬)।
ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।