দৈনিক ভোলা টাইমস্
|
অপরাধ কৃষি দৌলতখান মনপুরা শিক্ষা

ভোলায় জ্বালানি সংকটে বন্ধ হওয়ার পথে দুটি শিল্প কারখানা

ভোলায় জ্বালানি সংকটে বন্ধ হওয়ার পথে দুটি শিল্প কারখানা
  ষ্টাফ রিপোর্টার: ডিজেল সংকটের কারণে উৎপাদন ও পণ্য সরবরাহ কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন ভোলার বিসিক শিল্পনগরীর শিল্প উদ্যোক্তা মো. জামাল উদ্দিন খান।  শনিবার (৪ এপ্রিল) বিকাল ৪ টায় ভোলা বিসিক শিল্পনগরে আয়োজিত এক লিখিত সংবাদ সম্মেলনে তিনি এ উদ্বেগের কথা জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার মালিকানাধীন মেসার্স খান ফ্লাওয়ার মিলস্ ও মেসার্স জে.কে ট্রেডার্স প্রতিষ্ঠানে গত ২ এপ্রিল মজুদকৃত ডিজেল প্রায় শেষ হয়ে যায়। ৩ এপ্রিল অবশিষ্ট অল্প ডিজেল ব্যবহার করে ভোলা সদরসহ আশপাশের এলাকায় কিছু পণ্য সরবরাহ করা হলেও বর্তমানে প্রতিষ্ঠানে কোনো ডিজেল মজুদ নেই। তিনি জানান, নদীঘাট থেকে গুদামে গম উত্তোলন এবং উৎপাদিত পণ্য পরিবহনের জন্য ডিজেল অত্যন্ত প্রয়োজনীয়। তার প্রতিষ্ঠানে উৎপাদিত ময়দা, ভূষি ও মুড়ি ভোলা জেলার বিভিন্ন উপজেলাসহ দক্ষিণ আইচা থেকে ইলিশা ফেরিঘাট পর্যন্ত নিজস্ব পরিবহনের মাধ্যমে সরবরাহ করা হয়। কিন্তু ডিজেল সংকট অব্যাহত থাকলে চরফ্যাশন, লালমোহনসহ জেলার বিভিন্ন এলাকায় পণ্য সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। জামাল উদ্দিন খান আরও জানান, তার দুটি প্রতিষ্ঠানে প্রায় ২০০ কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক কর্মরত আছেন। তাদের পরিবারসহ প্রায় এক হাজার মানুষের জীবিকা এসব প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল। ডিজেল সংকটের কারণে উৎপাদন বন্ধ হয়ে গেলে এসব পরিবারের জীবিকা হুমকির মুখে পড়বে। তিনি দাবি করেন, তার প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য মানসম্মত ও সাশ্রয়ী হওয়ায় ভোলা জেলার ব্যবসায়ীদের কাছে জনপ্রিয়। তাই উৎপাদন বন্ধ হলে স্থানীয় বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসন ও জ্বালানি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে তার শিল্প প্রতিষ্ঠান দুটি সচল রাখতে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন। এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম সংক্রান্ত ১৭ পৃষ্ঠার ডকুমেন্টস ও ফটোকপি সাংবাদিকদের কাছে উপস্থাপন করেন।