ভোলায় ঝড়ের কবলে ট্রলার ডুবি; দুই ছেলের হাতে উদ্ধার বাবার মরদেহ
চরফ্যাশন, প্রতিনিধি:
ভোলার দক্ষিণ আইচা থানাধীন চর মানিকা ইউনিয়নে এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটেছে। ঢালচরের বয়ার চর নদীতে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলার উল্টে বেচু মাঝি (৬৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার চর মানিকা ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মজিবুল হকের ছেলে বেচু মাঝি তার দুই ছেলে শাহিন ও শাকিলকে নিয়ে জীবিকার তাগিদে নদীতে মাছ ধরতে যান। আজ শুক্রবার বিকেল ৫ ঘটিকার সময় হঠাৎ শুরু হওয়া তীব্র ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারটি বয়ার চর নদীতে উল্টে যায়। এসময় ট্রলারে থাকা বেচু মাঝি মুহূর্তেই উত্তাল নদীতে তলিয়ে যান। তবে তার দুই ছেলে শাহিন ও শাকিল প্রাণপণ চেষ্টা চালিয়ে নদীতে ভাসমান তিনটি বয়া (পুলুট) এবং তেলের খালি কন্টেইনার আঁকড়ে ধরে দীর্ঘ সময় সাঁতার কাটতে থাকেন। একপর্যায়ে তারা তাদের বাবার নিথর দেহ খুঁজে পান এবং অত্যন্ত সাহসিকতার সাথে মরদেহটি উদ্ধার করে পাতিলের চর এলাকায় নিয়ে আসেন। চরফ্যাশন উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার এমাদুল হোসেন জানান, তিনি ঘটনার খবর পেয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকে নিহতের শোকসন্তপ্ত পরিবারকে দ্রুত আর্থিক সহায়তা প্রদান করা হবে। পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দিশেহারা এই পরিবারটি। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।