দৈনিক ভোলা টাইমস্
|
কৃষি দৌলতখান শিক্ষা সর্বশেষ

ভোলায় জাল নোটসহ একজন আটক

ভোলায় জাল নোটসহ একজন আটক
  ভোলা প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদ-উল-আজহাকে সামনে রেখে জাল নোট চক্রের অপতৎপরতা রোধে কঠোর অবস্থানে রয়েছে ভোলা জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় ভোলা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দুলারহাট থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১১ হাজার ৫০০ টাকার জাল নোটসহ মো. ইকবাল (৩৮) নামে এক পেশাদার জাল নোট কারাবারিকে গ্রেপ্তার করেছে। শনিবার (১৬ মে) ভোলা জেলা পুলিশ সূত্রে এ তথ্য জানা যায়।

পুলিশ জানায়, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর সুনির্দিষ্ট দিকনির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। গত শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মাহমুদুল হাসান বাপ্পীর নেতৃত্বে দুলারহাট থানাধীন নীলকমল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাওলানা শহীদের বাড়ির সামনের পাকা সড়কে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে জাল নোট চক্রের সদস্য মো. ইকবালকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ইকবাল লালমোহন উপজেলার দক্ষিণ মেহেরগঞ্জ এলাকার দেওয়ালকান্দি গ্রামের মৃত সৈয়দ আহম্মদের ছেলে। অভিযানে তার কাছ থেকে ১ হাজার টাকার ১০টি এবং ৫০০ টাকার ৩টি কথিত জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাল নোটের মোট পরিমাণ ১১ হাজার ৫০০ টাকা। এছাড়াও একটি আকাশি রঙের লিচি বাটন মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করা হয়েছে।

এ ঘটনায় দুলারহাট থানায় মামলা দায়ের করা হয়েছে। ভোলা জেলা পুলিশ জানিয়েছে, পবিত্র ঈদ-উল-আজহাকে সামনে রেখে ভোলাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশের চিরুনি অভিযান ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।