দৈনিক ভোলা টাইমস্
|
অপরাধ কৃষি

ভোলায় জামায়াত নেত্রী সাওদা সুমির বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে নারী সমাবেশ, প্রতিবাদে মুখর শতাধিক নারী

ভোলায় জামায়াত নেত্রী সাওদা সুমির বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে নারী সমাবেশ, প্রতিবাদে মুখর শতাধিক নারী
মোঃ আব্দুর রহমান হেলাল ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী নেত্রী সাওদা সুমির বিরুদ্ধে দায়ের করা মামলাকে “মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত” আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবিতে এক ব্যাপক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে অংশ নেওয়া নারীরা বাকস্বাধীনতা হরণের অভিযোগ তুলে প্রতিবাদে সরব হন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় জেলা জামায়াত কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা মহিলা শাখার উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন স্থান থেকে আগত কয়েক শতাধিক নারী অংশগ্রহণ করেন, যা এক পর্যায়ে প্রতিবাদী জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারের নীতির সমালোচনামূলক পোস্ট দেওয়ার অভিযোগে গত ৫ এপ্রিল গভীর রাতে সাওদা সুমিকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনাকে তারা “বাকস্বাধীনতার ওপর হস্তক্ষেপ” এবং “বিরোধী কণ্ঠ দমনের অপচেষ্টা” হিসেবে উল্লেখ করেন। তারা আরও বলেন, সাওদা সুমি কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নন; বরং তিনি দেশের চলমান অর্থনৈতিক ও জ্বালানি সংকট নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের কথাই তুলে ধরেছেন। বক্তারা দাবি করেন, একজন সচেতন নাগরিক হিসেবে মত প্রকাশ করাই তার ‘অপরাধ’ হয়ে দাঁড়িয়েছে। জেলা সেক্রেটারি রুকসানা বেগম রেশমার সভাপতিত্বে ও জেলা কর্ম পরিষদ সদস্য শামীমা ইয়াসমিন মায়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা মহিলা জামায়াতের সেক্রেটারি রোকসানা বেগম, সহকারী সেক্রেটারি আয়শা আক্তার, কর্মপরিষদ সদস্য জহুরা আক্তার, রোকেয়া বেগম, সদর উপজেলা কর্মপরিষদ সদস্য আরজু ইসলাম এবং পৌরসভা সেক্রেটারি উম্মে হাসান। বক্তারা সাওদা সুমির জামিনে মুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, এটি জনমতের প্রতিফলন। একইসঙ্গে তারা অবিলম্বে তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং আইনশৃঙ্খলা বাহিনীর জিম্মায় থাকা তার মোবাইল ফোন ফেরত দেওয়ার দাবি জানান। এ সময় সাওদা সুমি তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদেরও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা সাওদা সুমির মুক্তি ও ন্যায়বিচারের দাবিতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।