দৈনিক ভোলা টাইমস্
|
দৌলতখান কৃষি শিক্ষা

ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন
  ভোলা প্রতিনিধি:
‘সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নানান আয়োজনের মধ্য দিয়ে ভোলায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির সূচনা করা হয়। পরে রক্তদান কর্মসূচি ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে ভোলা জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভোলার সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান শরিফ এ এম রেজা জাকেরের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. ফরিদুর রহমান, সাধারণ সম্পাদক ড. মো. আমিরুল ইসলাম বাছেদ, জিপি মো. সালাউদ্দিন হাওলাদার সহ বিচার বিভাগের কর্মকর্তারা।  এ সময় বক্তারা বলেন, অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে আইনগত সহায়তা নিশ্চিত করতে সরকারের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কার্যক্রমকে আরও কার্যকর করে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর জোর দেন তাঁরা। অনুষ্ঠানে প্রশাসন ও আইন বিভাগের কর্মকর্তা, লিগ্যাল এইডের সেবাগ্রহীতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।