ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে টানা বর্ষণ ও পানি নিষ্কাশনের অভাবে বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে প্রায় ১৩০ হেক্টর জমির সয়াবিন, বাদাম, মুগ ডাল, মরিচসহ বিভিন্ন রবি ফসল পানির নিচে তলিয়ে পচে নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, এতে তাদের প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়ভাবে জানা গেছে, বাপ্তা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে আলতাজের রহমান কলেজের পেছনের বিস্তীর্ণ মাঠজুড়ে এ জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানি বের হওয়ার কোনো কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ফসলগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে ফসল আবাদ করেছিলেন। এখন সবকিছু নষ্ট হয়ে যাওয়ায় ঋণ পরিশোধ ও সংসার চালানো নিয়ে তারা চরম অনিশ্চয়তায় পড়েছেন।
এ ঘটনার প্রতিবাদে ও দ্রুত পানি নিষ্কাশনের দাবিতে মঙ্গলবার (৫ মে) সকালে বাপ্তা চরনোয়াবাদ চৌমুহনী বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেন শতাধিক কৃষক। মানববন্ধনে বক্তব্য রাখেন থানা কৃষক দলের কার্যনির্বাহী সদস্য নাজিম উদ্দিন, বাপ্তা ৮ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি পাবেল মাতাব্বরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
কৃষকরা দ্রুত জলাবদ্ধতা নিরসন এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানের জোর দাবি জানিয়েছেন।