দৈনিক ভোলা টাইমস্
|
দৌলতখান চরফ্যাশন কৃষি শিক্ষা

ভোলায় জমজমাট মার্শাল আর্ট উৎসব

ভোলায় জমজমাট মার্শাল আর্ট উৎসব
  ভোলা প্রতিনিধি: ভোলার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার আলো ছড়াল “নতুন কুঁড়ি স্পোর্টস” এর জেলা পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতা। শিশু-কিশোরদের প্রাণচঞ্চল অংশগ্রহণ, দৃষ্টিনন্দন কৌশল প্রদর্শন এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজন ভোলাজুড়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে সৃষ্টি করেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। গতকাল সকালে ভোলা গজনবী স্টেডিয়ামের ইনডোরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে তাইকোয়ানডো, কারাতে, জুডো ও উশু ইভেন্টে জেলার বিভিন্ন এলাকার ক্ষুদে খেলোয়াড়রা অংশ নেয়। দিনব্যাপী আয়োজনে ছোট ছোট খেলোয়াড়দের আত্মবিশ্বাসী উপস্থিতি ও চমৎকার পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে। প্রতিটি ম্যাচে ছিল প্রতিদ্বন্দ্বিতা, কৌশল আর রোমাঞ্চের দারুণ সমন্বয়। বিশেষ করে কারাতে ও তাইকোয়ানডো ইভেন্টে অংশগ্রহণকারীদের ক্ষিপ্রতা ও দক্ষতা উপস্থিত অতিথি, অভিভাবক এবং দর্শকদের করতালিতে বারবার মুখরিত করে তোলে স্টেডিয়াম প্রাঙ্গণ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা সহকারী কমিশনার (সাধারণ শাখা ও সংস্থাপন শাখা) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু রায়হান মহদোয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ সাপাতুল ইসলাম, জেলা মার্শাল আর্ট কোচ ও সাংবাদিক মোঃ আব্দুর রহমান হেলাল, সহকারী কোচ মোঃ মহিউদ্দিন, জেলা সুইমিং কোচ মোঃ আব্দুল মোমেন, জেলা ফুটবল কোচ বেনু চন্দ্র পাল, সাংবাদিক মেহেদী হাসান সুমন এবং শিক্ষক মাকসুদুর রহমান পিন্টুসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব। পুরস্কার গ্রহণের মুহূর্তে বিজয়ী শিশু-কিশোরদের উচ্ছ্বাস ও আনন্দ পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। অনেকেই ভবিষ্যতে জাতীয় পর্যায়ে খেলার স্বপ্নের কথা জানায়। অভিভাবকরাও এমন ব্যতিক্রমধর্মী আয়োজন নিয়মিত চালুর দাবি জানান। আয়োজন সফল করতে জেলা মার্শাল আর্ট কোচ মোঃ আব্দুর রহমান হেলাল ও সহকারী কোচ মোঃ মহিউদ্দিনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলোয়াড়দের প্রশিক্ষণ, ইভেন্ট পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে তাদের নিরলস পরিশ্রম আয়োজনটিকে সুশৃঙ্খল ও সফল করে তোলে। সংশ্লিষ্টরা মনে করছেন, “নতুন কুঁড়ি স্পোর্টস” কেবল একটি প্রতিযোগিতামূলক আয়োজন নয়; বরং এটি শিশু-কিশোরদের আত্মরক্ষা, শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও সুস্থ জীবনচর্চায় উদ্বুদ্ধ করার এক কার্যকর সামাজিক উদ্যোগ। ভবিষ্যতে এ ধরনের আয়োজন ভোলার ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।