ভোলায় কালবৈশাখী ঝড়ে জেলেসহ নৌকা ডুবি
ভোলা প্রতিনিধি:
ভোলার মেঘনা নদীতে মাছধরার সময় আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ইসমাইল মাঝি (৪২) নামে এক জেলেসহ একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। শনিবার (২ মে) দুপুর ৩ টার দিকে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নাছিরমাঝি মাছঘাট সংলগ্ন মেঘনার মাঝ নদীতে এ দুর্ঘটনা ঘটে। ঝড়ের কবলে পড়া ইসমাইল মাঝি দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের টবগী গ্রামের শাহ আলম মাঝির ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে একটি নৌকা নিয়ে ইসমাইল মাঝি একাই মেঘনা নদীতে মাছ ধরতে যান এবং জাল ফেলে তা টেনে তোলেন এমতাবস্থায় মাঝনদীতে আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবতে শুরু করলে মাঝি তার নৌকাটি জালের প্লাস্টিকের পুলুট দিয়ে ভাসিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক মদনপুর থেকে নাছিরমাঝি ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী একটি ট্রলারে থাকা লোকজন বিষয়টি দেখতে পেয়ে তারা মাঝি ও নৌকাটি দড়ি দিয়ে টেনে উদ্ধার করে মদনপুর খেয়াঘাটে নিয়ে আসেন।ইসমাইল মাঝি জানান তার নৌকা এবং জালের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার আনুমানিক মূল্য ৩৫/৪০ হাজার টাকা।
এ বিষয়ে ভোলা সদরের ইলিশা নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, মেঘনা নদীতে নৌকা ডুবির খবর পেয়েছি।তবেএ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।