কালবৈশাখীর তাণ্ডবে ভোলার বিভিন্ন সড়কে গাছ উপড়ে পড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা।
শনিবার (২ মে) দুপুরে হঠাৎ শুরু হওয়া ঝড়ো হাওয়ায় সদর উপজেলার কম্পাউন্ডের মধ্যে থাকা দুটি রেনট্রি গাছ সড়কে মধ্যে পড়ে যায়। এসময় বিদ্যুৎ লাইন ছিঁড়ে যায়। গাইড ওয়াল ও বিলবোর্ড ভেঙে সড়ক চলাচল সাময়িক বন্ধ রয়েছে।
এছাড়াও বিভিন্ন উপজেলার সড়কে গাছ ভেঙে পড়ে। এতে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। অনেক স্থানে বিদ্যুৎ লাইনে গাছ পড়ে ছিঁড়ে যাওয়ায় দেখা দিয়েছে বিদ্যুৎ বিপর্যয়।
গ্রামাঞ্চলের সড়কেও একই চিত্র দেখা গেছে। কোথাও কোথাও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অসংখ্য পরিবার।
স্থানীয়রা জানান, হঠাৎ এই ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ পড়েছেন চরম বিপাকে। ঝড় থামার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত সড়ক থেকে গাছ অপসারণে কাজ শুরু করেছে।
ভোলা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ চলছে এবং দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
এদিকে, শুক্রবার রাতের কালবৈশাখী ঝড়ে ভোলার ঢালচর এলাকায় অন্তত ৩০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার টিনের চালা হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।