দৈনিক ভোলা টাইমস্
|
সর্বশেষ দৌলতখান কৃষি শিক্ষা

ভোলায় কর্ণফুলি-১৩ লঞ্চে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গাঁজা ও তাজা গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার

ভোলায় কর্ণফুলি-১৩ লঞ্চে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গাঁজা ও তাজা গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার
  ইউসুফ হোসেন নীরব: ভোলার ইলিশায় কর্ণফুলী ১৩ লঞ্চে অভিযান পরিচালনা করে দেশীয় আগ্নেয়াস্ত্র তাজা গোলা ও গাঁজাসহ জাকির ফরাজী নাম একজনকে আটক করেছে কোস্টগার্ড। ৫ মে মঙ্গলবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করে বলেন, ভোলার সদর উপজেলা দক্ষিণ দিঘলদী ইউনিয়ন কোরালিয়া খায়েরহাট এলাকায় বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত এবং একাধিক মামলার আসামি মোঃ জাকির হোসেন ঢাকা হতে কর্ণফুলি-১৩ লঞ্চ যোগে আগ্নেয়াস্ত্র ও মাদক নিয়ে ভোলায় গমন করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, আজ ৫ মে মঙ্গলবার মধ্যরাত ৩ টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার সদর থানাধীন ইলিশা তুলাতুলি মোহনা সংলগ্ন এলাকায় উক্ত লঞ্চে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন লঞ্চে তল্লাশি চালিয়ে ১ টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা গোলা ও ৮০ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজাসহ সন্ত্রাসী মোঃ জাকির হোসেন কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত সন্ত্রাসী মোঃ জাকির হোসেন (৪২) ভোলা সদর থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। আটককৃত সন্ত্রাসী ও জব্দকৃত সকল আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।