ভোলায় এমইপি গ্রুপের উদ্যোগে ইলেক্ট্রিশিয়ানদের মিলনমেলা ও প্রশিক্ষণ সভা, “মানসম্পন্ন পণ্য ব্যবহারে সচেতনতা বাড়াতে হবে” — বক্তারা
মোঃ আব্দুর রহমান হেলাল:
ভোলায় এমইপি গ্রুপের আয়োজনে ইলেক্ট্রিশিয়ানদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা, কারিগরি প্রশিক্ষণ ও পণ্য পরিচিতি অনুষ্ঠান। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে ভোলার চিলি চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ আয়োজনে জেলার বিভিন্ন উপজেলার শতাধিক ইলেক্ট্রিশিয়ান অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেসার্স সততা ইলেকট্রিকের স্বত্বাধিকারী গোলাম রহমান লিমন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন এমইপি গ্রুপের ডিভিশনাল সেলস ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম। তিনি বলেন, “নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থাপনার জন্য দক্ষ ইলেক্ট্রিশিয়ানের বিকল্প নেই। একজন দক্ষ কর্মী যেমন নিরাপদ ওয়্যারিং নিশ্চিত করেন, তেমনি গ্রাহকদের ভালো ও টেকসই পণ্য ব্যবহারের পরামর্শও দেন।”
তিনি আরও বলেন, এমইপি গ্রুপ দীর্ঘদিন ধরে দেশের বাজারে উন্নত মানের বৈদ্যুতিক পণ্য সরবরাহ করে আসছে। গ্রাহকদের আস্থা অর্জনের পাশাপাশি নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে এমইপি গ্রুপের এরিয়া টেরিটোরিয়াল ম্যানেজার মোহাম্মদ আবু সাঈদ প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন ইলেকট্রিক পণ্যের ব্যবহার, কার্যকারিতা ও গুণগত মান সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, এমইপি ক্যাবলে ব্যবহৃত উন্নত মানের তামা ও ইনসুলেশন প্রযুক্তি শর্ট সার্কিটের ঝুঁকি কমাতে সহায়তা করে।
তিন ঘণ্টাব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী ইলেক্ট্রিশিয়ানদের আধুনিক ওয়্যারিং পদ্ধতি, বৈদ্যুতিক নিরাপত্তা এবং মানসম্পন্ন ক্যাবল ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হয়।
সভায় অংশ নেওয়া ইলেক্ট্রিশিয়ানরা জানান, এমন আয়োজন তাদের পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি নতুন প্রযুক্তি ও গুণগত পণ্য সম্পর্কে জানার সুযোগ তৈরি করেছে। তারা ভবিষ্যতে এমইপি গ্রুপের মানসম্মত পণ্য গ্রাহকদের কাছে আরও বেশি পরিচিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফিল্ড অফিসার মোঃ আসাদুল হক ও মোঃ মানিক। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিভিশনাল সেলস ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম এবং টেরিটোরিয়াল ম্যানেজার মোহাম্মদ আবু সাঈদ।
শেষে অংশগ্রহণকারী সকল ইলেক্ট্রিশিয়ানের মঙ্গল কামনা এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।