দৈনিক ভোলা টাইমস্
|
দৌলতখান

বোরহানউদ্দিনে মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ভোলা জেলা পুলিশের সচেতনতামূলক সভা ও র‍্যালি

বোরহানউদ্দিনে মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে ভোলা জেলা পুলিশের সচেতনতামূলক সভা ও র‍্যালি

বোরহানউদ্দিনে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও সাইবার অপরাধের বিরুদ্ধে এক বর্ণাঢ্য সচেতনতামূলক সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ এপ্রিল ২০২৬) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সুস্থ ও সুন্দর সমাজ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা অপরিসীম। মাদক, ইভটিজিং ও সাইবার অপরাধ থেকে দূরে থেকে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

তিনি দেশে ক্রমবর্ধমান মাদকাসক্তির পরিসংখ্যান তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং উল্লেখ করেন যে, বাংলাদেশে প্রায় ৮২ লক্ষ মাদকাসক্তের মধ্যে ৯০ শতাংশই যুবসমাজ। তিনি তরুণদের আহ্বান জানান, কোনো অবস্থাতেই যেন তারা মাদকের পথে পা না বাড়ায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মনোরঞ্জন বর্মন, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জনাব সত্যজিৎ কুমার ঘোষ এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের হয়। পুলিশ সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে র‍্যালিতে অংশগ্রহণ করে এলাকায় মাদক ও অপরাধবিরোধী বার্তা পৌঁছে দেন।