বোরহানউদ্দিনে ভুমি নিয়ে বিরোধের জেরে অবসরপ্রাপ্ত শিক্ষক পরিবারের ওপর হামলা
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজার এলাকার কাচিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে নেপাল মাস্টার বাড়ির অবসরপ্রাপ্ত শিক্ষক নেপাল চন্দ্র দে ও তার ছেলে অন্তর দে কে পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। জমি নিয়ে বিরোধের জেরে চুরির অপবাদ দিয়ে লোহার রডসহ দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় প্রতিপক্ষরা। প্রতিপক্ষ স্থানীয় সজীব ও আরিফসহ কয়েকজন হামলা চালায়। এসময় শিক্ষক পরিবারটিকে হত্যার হুমকি দেওয়া হয়। এমন অভিযোগ ভুক্তভোগী শিক্ষক পরিবারের। ভুক্তভোগী আহত নেপাল চন্দ্র দে অভিযোগ করে বলেন, একই এলাকার হিরন্ময় কুমার দে (হারাধন) গংদের সাথে জমি নিয়ে বিরোধ চলমান রয়েছে। বিষয়টি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। তাদের পূর্বপরিকল্পনা অনুযায়ী উল্লেখিত হামলাকারীরা হামলা চালায়। জমিনিয়ে বিরোধের বিষয়টি ধামাচাপা দিতে চুরির অপবাদ দেয় হামলাকারীরা। এসময় নেপাল চন্দ্রের পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়। চুরির অপবাদে হামলাকারীদের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ ভুক্তভোগীদের। বৃহস্পতিবার দুপুরে আহতদের বাড়ীতে ও শুক্রবার দুপুরে স্থানীয় কুঞ্জেরহাট বাজার করিম মার্কেট এলাকায় প্রকাশ্য হামলা চালায় হামলাকারীরা। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন। অন্যদিকে হামলাকারীদের কাছে জানতে চাইলে তাদেরকে খুজে পাওয়া যায়নি তবে স্থানীয়রা জানান, কুঞ্জেরহাট বাজারে প্রকাশ্য এই হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার দুই দফায় হামলা চালানো হয় পরিবারটির ওপর। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানাযায়।