বিসিবি’র পরিচালক পদে নির্বাচন করছেন ভোলার সন্তান রবিন চৌধুরী
বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র নির্বাচনে বরিশাল বিভাগ থেকে ডিরেক্টর (পরিচালক) পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন দ্বীপজেলা ভোলার কৃতি সন্তান, সাবেক কৃতি ক্রিকেটার, আম্পায়ার, সফল ক্রীড়া সংগঠক, বারবার নির্বাচিত জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এবং তৃণমুল থেকে উঠে আসা ক্রীড়া ব্যক্তিত্ব তথা ভোলা জেলা ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: মুনতাসির আলম রবিন চৌধুরী। তিনি শুক্রবার (২২ মে) দুপুরে বিসিবির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম এর কাছে মনোনয়ন ফরম জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা ক্রিকেটার্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল ইসলাম সৈকত, সাধারণ সম্পাদক মো: ইমরান হোসেন।
একান্ত আলাপ চারিতায় মুনতাসির আলম চৌধুরী রবিন বলেন, বিগত সময়ে পরিচালক পদে যাদেরকে নির্বাচিত করা হয়েছে তারা তৃণমূল থেকে উঠে আসা ব্যক্তি নয়। বর্তমান সরকার তৃণমূল পর্যায়ের ক্রিকেটের সাথে যারা জড়িত তাদেরকে মূল্যায়নের উদ্যোগ নিয়েছে এ জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, ক্রিকেটার তৈরী হয় তৃণমূল থেকেই। এই তৃণমূলের খেলোয়ারদের খোজ-খবর কেউ রাখে না। তারা কি করে, কিভাবে চলে, তাদের সকল প্রকার সুযোগ-সুবিধা এবং জীবন যাত্রার মানোন্নয়নে কাজ করে যাবো। আমি ছাত্র জীবন থেকেই ক্রিকেটের সাথে জড়িত, জানি কিভাবে ক্রিকেটকে এগিয়ে নিতে হয়। আমি যদি পরিচালক পদে নির্বাচিত হতে পারি তা হলে বরিশাল বিভাগের ক্রিকেটকে আরো এগিয়ে নিবো ইনশাআল্লাহ।
আগামী ৭ জুন বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে। বরিশাল বিভাগ থেকে একটি পরিচালক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন বিপিএলের ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের স্বত্বাধিকার ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর মিজানুর রহমান ও ভোলার মুনতাসির আলম চৌধুরী।